নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতা কেড়ে নিল মো. আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর প্রাণ।
সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আমিরুলকে হাসপাতালে নিয়ে আসেন ইমরান ফকির নামের এক পথচারী। তিনি জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি দ্রুতগামী বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় মেতে ওঠে। এ সময় একটি বাসের সজোরে ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড