আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই কনটেন্টেও কড়াকড়ি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 116
ছবির ক্যাপশন : উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআই কনটেন্টেও কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচনী প্রচারণার ধরন, ব্যয় এবং বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ থাকছে।

এ ছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত প্রকাশ্য মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় হিসাব দিতে হবে

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হলেও এ ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। প্রচারণা শুরুর আগে কোন কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হবে, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন বা প্রচারণায় যে অর্থ ব্যয় হবে, সেটিও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাবের আওতায় আসবে।

এআই দিয়ে ভুয়া প্রচারণায় নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে নতুন বিধিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে সংশ্লিষ্ট কেউ মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার করতে পারবেন না।

নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কনটেন্ট তৈরি বা প্রচারও নিষিদ্ধ। বিশেষ করে এআই ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি, ভিডিও, অডিও কিংবা অন্যান্য কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রাখা হয়েছে।

অর্থ-উপহার দিয়ে ভোটার প্রভাবিত করা যাবে না

ভোটারদের প্রভাবিত করতে অর্থ, খাবার, পানীয় কিংবা উপহার দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা থাকছে। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসকে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা যাবে না।

ধর্মের অপব্যবহার, পেশিশক্তির প্রয়োগ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার বা ব্যক্তিগত চরিত্রহননমূলক বক্তব্য প্রচারও আচরণবিধির আওতায় নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি সম্পদ ব্যবহারে নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারণায় সরকারি সুযোগ-সুবিধা নেওয়া যাবে না। সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা অন্যান্য সরকারি সম্পদ নির্বাচনী কাজে ব্যবহার নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য যানবাহন ভাড়া বা ব্যবহারের সুযোগও থাকবে না। নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং মাইক ব্যবহারের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে।

প্রার্থিতা বাতিলের সুযোগ, শাস্তিও কঠোর

নতুন বিধিমালায় আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও জোরদার করা হয়েছে। কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন কিংবা লঙ্ঘনের চেষ্টা করেছেন বলে কমিশনের কাছে প্রতীয়মান হলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া বিধিমালা লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নতুন বিধিমালার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যয় নিয়ন্ত্রণ, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার ঠেকানো এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধের পাশাপাশি ভোটের পরিবেশকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network