নিজস্ব প্রতিবেদক
ঢাকা
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আগামী শনিবারের (আজ) মধ্যে সমঝোতা না করলে তাকে মেরে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে হুমকিদাতা।
গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে মামলার বাদী ও কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
সংবাদ সংগৃহীত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, হুমকিদাতা শুরুতেই সালাম দিয়ে আফসারকে প্রশ্ন করেন, “ভাই মামলার বাদী যে হলেন, আপনার নিজের মামলার বাদী কে হবেন?” বাদী পরিচয় জানতে চাইলে হুমকিদাতা তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং বলেন, “তোর বাপ বলছি।” এরপর হুমকিদাতা বলেন, “কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে। তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।”
ঘটনার বিষয়ে জানতে মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ভাঙিয়ে মূল আসামি সাইফুল ও জুয়েলের নেতৃত্বে কুরিয়ার সার্ভিসে হামলা ও লুটপাট চালানো হয়েছিল। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এবং এই ধরনের হুমকির পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি বাদীর সাথে কথা বলেছেন এবং হুমকির ফোনালাপের অডিওটি সংগ্রহ করেছেন। অডিওটি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়টি মূল মামলার তদন্তের আওতায় এনে হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রিন্ট করুন ফটো কার্ড