অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন দেশটিতে বসবাসকারী ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবারের এই হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে জিএসিএ।
এর আগে দিনের শুরুতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করে একটি হামলাকারী ড্রোন। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি প্রতিহত করার পর দুইজন নিহত হন।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে সম্প্রতি ধারাবাহিকভাবে এসব হামলা চালানো হচ্ছে। হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র রূপ নেওয়ার পরই এই হামলা জোরদার হলো।
এর আগে গত সপ্তাহেও সৌদি আরব বড় ধরনের হামলার শিকার হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১১ অক্টোবর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। তার ঠিক একদিন আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
মার্কিন কূটনীতিকদের সতর্ক বার্তা ও দেশত্যাগের নির্দেশ
চলমান হুতি হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়া রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
একই দিনে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং হুতির সম্ভাব্য আরও হামলার ব্যাপারে সতর্ক করেছে
প্রিন্ট করুন ফটো কার্ড