নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপেন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দূরপাল্লার বাসের লাগেজ এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি ১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার সাকিবুল হাসান রনি (২৫) ও রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জ জেলার সোনিয়া (৩৮) এবং পিরোজপুর জেলার বন্যা আক্তার (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নভুক্ত কদমতলী এলাকার একটি এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে সন্দেহভাজন যাত্রীদের বাস থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মাদক কারবারিদের দেওয়া তথ্য ও নিজ হাতে বের করে দেওয়া মতে, ওই বাসের বক্সের ভেতর রাখা তিনটি ট্রাভেল লাগেজ ব্যাগে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে সীমান্তবর্তী ও দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতেন। পরবর্তীতে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় এসআরবি সদস্য বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।