নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার ফুটপাতে আর কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকার কথা বিবেচনায় রেখে তাদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) ডিএনসিসির প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক।
বৈঠক শেষে মো. শফিকুল ইসলাম খান জানান, মিরপুর-১, মিরপুর-১০ এবং উত্তরা এলাকায় হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা নির্ধারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট দিনে ‘হলিডে মার্কেট’ চালুর একটি পরিকল্পনাও রয়েছে সিটি করপোরেশনের।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিকল্প হিসেবে নির্ধারিত কোনো স্থানে ৩০০ থেকে ৫০০টি দোকানের ব্যবস্থা করা সম্ভব হলে সেখানে স্বতঃস্ফূর্তভাবে ক্রেতাদের সমাগম বাড়বে।
বিকল্প স্থানে দোকান বসানোর নিয়ম নির্দেশ করে প্রশাসক আরও জানান, পুনর্বাসিত স্থানে হকাররা চাইলে চাকাচালিত ভ্রাম্যমাণ দোকান ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই সেখানে স্থায়ী বা অস্থায়ী চৌকি বসিয়ে জায়গা দখল করা যাবে না।