নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে বর্তমানে ক্রেতাসংকট ও বিক্রিতে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
সংগঠনটি আরও জানায়, কেবল ব্যবসায়ীরাই নন, এর নেতিবাচক প্রভাব পড়ছে বিপুলসংখ্যক কর্মচারীর জীবন-জীবিকার ওপরও। দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল।
গত ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ী ও কর্মচারীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানানো হয়।
নেতৃবৃন্দের মতে, দোকান খোলা রাখার সময়সীমা বাড়ালে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরে আসবে, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হ্রাস পাবে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান সুরক্ষিত থাকবে। তাই দ্রুত প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের নেতারা।