Logo
প্রিন্টের তারিখ: 31 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম

কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম


​নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ। কলেজটির এক প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা চট্টগ্রাম ও বরিশাল—এই দুই শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সম্মিলিত সংখ্যার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।

​পরিসংখ্যান অনুযায়ী, এ বছর কুমিল্লা ও বরিশাল—এই দুই শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর একা নটর ডেম কলেজ থেকেই জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অর্থাৎ, দুই শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর চেয়ে নটর ডেম কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪ জন কম।

​ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা বোর্ডে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৭২৭ জন, যার পাসের হার ৪৮.০৪ শতাংশ। এই পুরো বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী (ছেলে ৪৯২ এবং মেয়ে ৮২১)।

​অন্যদিকে বরিশাল বোর্ডের ৩৫০টি কলেজ থেকে ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী (ছেলে ৩৪৩ এবং মেয়ে ৬০৭)।

​দুটি বোর্ডের এই ফলাফলের বিপরীতে নটর ডেম কলেজের একক সাফল্য নজর কেড়েছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী।

​নটর ডেম কলেজের বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য দেখা গেছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ২৫ জন।

​ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩৪ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। এ বিভাগে ফেল করেছেন ৭ জন।

​এছাড়া মানবিক বিভাগ থেকে ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৮০ জন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৮৯ জন শিক্ষার্থী। এই বিভাগে অকৃতকার্য হয়েছেন ২২ জন।

​নটর ডেম কলেজের এই ধারাবাহিক ও অনন্য ফলাফল শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF