চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক দলকর্মী আবু ইউসুফ জীবন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর অভিযান চালিয়ে সাহেদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আবু ইউসুফ। সে সময় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ইকরাম বাবু, আরমান, মেহেদী, নাবিদসহ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পিস্তল ও ধারালো ছুরি নিয়ে এসে আবু ইউসুফের ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়।
পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অভিযোগে সাহেদ নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।