Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব

বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

​বেসরকারি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্ষেত্রে অপারেটর, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার পর্যায়ে চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৮৩৭ টাকা থেকে বেড়ে ১,৯৭৬ টাকা দাঁড়াবে।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি এই সুপারিশ পেশ করে। সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।

​শুনানিতে পেশ করা কারিগরি কমিটির বিস্তারিত সুপারিশ ও বিভিন্ন পর্যায়ের নতুন প্রস্তাবিত দর নিচে তুলে ধরা হলো:

  • ​ইমপোর্ট প্যারিটি প্রাইস: বর্তমানে প্রতি কেজিতে ইমপোর্ট প্যারিটি প্রাইস ১২৮.৪০ টাকা। নতুন প্রস্তাবে এটি ১১৭.১২ থেকে ১২৯.৫ টাকা করার দাবি থাকলেও কারিগরি মূল্যায়ন কমিটি প্রতি কেজিতে ১২৮.৭০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।
  • ​মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ: অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ বর্তমানে প্রতি কেজিতে ১৬.৭৪ টাকা। অপারেটররা এটি বাড়িয়ে ২৭.৬২ থেকে ৩৬.৯২ টাকা করার প্রস্তাব দিলেও কারিগরি কমিটি প্রতি কেজিতে ২৩.৪৮ টাকা নির্ধারণের পক্ষে মতামত দিয়েছে।
  • ​ডিস্ট্রিবিউটর চার্জ: রিটেইলারের আঙিনা পর্যন্ত পরিবহন ব্যয়সহ ডিস্ট্রিবিউটর চার্জ বর্তমানে প্রতি কেজিতে ৪.১৭ টাকা। প্রস্তাবে এটি বাড়িয়ে ৮.৩৪ থেকে ১২.৫০ টাকা করার আবেদন জানানো হলেও কমিটি প্রতি কেজিতে ৬.৬৭ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

​গণশুনানিতে বিভিন্ন অংশীজন, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন। শুনানি শেষে প্রাপ্ত সুপারিশ ও মতামতের ভিত্তিতে বিইআরসি পরবর্তীতে সমন্বিত এলপিজির চূড়ান্ত মূল্য ঘোষণা করবে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF