সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়াকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্মম নির্যাতন চালানো হয়। পরদিন ১১ অক্টোবর ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নির্যাতন ও মৃত্যুর এই ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে তদন্ত পরিচালনা করে ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই বছরের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই মামলার ঐতিহাসিক রায় প্রদান করলেন আদালত।