নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর তার নিজস্ব কার্যালয়ে ঢুকে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে এই হামলা চালানো হয়। হামলার জন্য বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জনের একটি দল কক্ষে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিচালককে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করতে শুরু করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, ড্যাবের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ সৃষ্টি করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার পর পর সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।