Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : যাত্রাবাড়ীতে একদিনে পৃথক ঘটনায় পিটিয়ে ও গুলি করে দুই যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে একদিনে পৃথক ঘটনায় পিটিয়ে ও গুলি করে দুই যুবককে হত্যা


​নিজস্ব প্রতিবেদক:

​রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই যুবককে পিটিয়ে ও গুলি করে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিবিরবাগিচা এলাকায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়, যিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান। এছাড়া একই দিন সন্ধ্যায় ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে আরেক তরুণ নিহত হয়েছেন।

​নিহত দুজন হলেন— পিকআপচালক নিশাত (২৭) এবং পাতিল ফ্যাক্টরির শ্রমিক মারুফ হোসেন দুখু (২০)।

​পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ৪ নম্বর গেট এলাকায় নিশাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

​নিহত নিশাতের বোন শারমিন আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। নিশাত ঢাকায় যাত্রাবাড়ীর বিবিরবাগিচা সুতিখালপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।

​এদিকে, একই দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে মারুফ হোসেন দুখু নামের এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত মারুফের স্ত্রী মিম জানান, তার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে তাকে গুলি করা হয়। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। তার বাবা মৃত আব্দুর রশিদ।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF