অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অর্ণব' প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে উপকূলে আঘাত হানতে এগোচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে এটি শক্তিশালী রূপ নিয়ে উপকূল অতিক্রম করতে পারে। অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপটলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে ঝড়টি স্থলভাগে প্রবেশ করবে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অঞ্চলে অবস্থানরত এই ঝড়টির বাইরের অংশ ও সর্পিল মেঘবলয় ইতিমধ্যেই স্থলভাগে স্পর্শ করতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টির গতিবেগ প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় এর উপকূলে আঘাত হানার সম্ভাব্য সময় অনেকটা এগিয়ে এসেছে। পরবর্তী কয়েক ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করবে।
উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড় অর্ণবের মূল কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।