মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক প্রবীণ ব্যক্তির মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মানবিক আচরণ ও সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। গত ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি তার বাবা হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবার আকস্মিক মৃত্যুর হৃদয়বিদারক বিবরণ তুলে ধরেন নাকিবুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ট্রেনে যাতায়াতের একপর্যায়ে তার বাবা প্রচণ্ড শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং একটু বসার আকুতি জানান। কিন্তু সে সময় আশপাশে অবস্থানরত সহযাত্রীদের কেউই তাকে একটি আসন ছেড়ে দেওয়ার সৌজন্যতা দেখাননি। বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।
ঘটনার বিবরণ দিয়ে এনসিপির এই নেতা গণপরিবহন ও জনপরিসরে সাধারণ মানুষের মানবিক বোধ নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মেট্রোরেলসহ যেকোনো স্থানে চলাচলের সময় বয়স্ক, প্রবীণ ও অসুস্থ নাগরিকদের প্রতি আরও সহানুভূতিশীল, দায়িত্বশীল ও বন্ধুসুলভ আচরণ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান তিনি।