Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : সাগর-রুনি হত্যা মামলা: তানভীর জোহাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ, শুনবে ক্যামেরা ট্রায়ালে

সাগর-রুনি হত্যা মামলা: তানভীর জোহাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ, শুনবে ক্যামেরা ট্রায়ালে


​অনলাইন ডেস্ক:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে পাওয়া নতুন তথ্য ও আলামত সম্পর্কে জানতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ব্যারিস্টার তানভীর জোহাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানিতে আদালত সরাসরি তার বক্তব্য শুনবেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই শুনানি হবে 'ক্যামেরা ট্রায়ালে' (রুদ্ধদ্বার কক্ষে)।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

​হাইকোর্টের বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সরকার গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আগামী বছরের ২৯ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন আদালত।

​অ্যাটর্নি জেনারেল জানান, মামলার তদন্তের স্বার্থে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অভিযান চালিয়ে তানভীর জোহা কী ধরনের তথ্য ও ক্লু পেয়েছিলেন, সে বিষয়ে সরাসরি জানতে চান হাইকোর্ট। সেই প্রেক্ষাপটেই তাকে পরবর্তী শুনানির দিনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে প্রকাশ্যে শুনানির পরিবর্তে বিচারক সীমিত পরিসরে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার বক্তব্য গ্রহণ করবেন।

​তদন্তে নিয়োজিত টাস্কফোর্সের প্রধানকে আলাদাভাবে তলব করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, টাস্কফোর্সের প্রধানকে নতুন করে উপস্থিত হতে বলা হয়নি, কারণ তিনি নিয়মিতই প্রতিটি শুনানির দিন আদালতে উপস্থিত থাকেন।

​উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এই মামলার তদন্ত করলেও কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেনি। এর ফলশ্রুতিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‍্যাবকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে সেই টাস্কফোর্সই আলোচিত এই মামলার তদন্ত পরিচালনা করছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF