নিজস্ব প্রতিবেদক:
আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় একযোগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও অনলাইনে ফল উন্মুক্ত করা হবে।
যেভাবে জানা যাবে ফলাফল:
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd) এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করতে পারবেন।