নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় ছয় লাখ টাকার তামার তার, নগদ ৮৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে খোয়া যাওয়া তামার তারগুলো নদীর পাড়ের একটি ফাঁকা প্লট থেকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আখতার হোসেন মোল্লা নিলামের মাধ্যমে প্রায় ছয় লাখ টাকার বিভিন্ন ধরনের তামার তার কিনেছিলেন। সেগুলো মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ২১৩ নম্বর বাসার নিচতলায় সংরক্ষণ করা হয়েছিল।
গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল চারটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ওই বাসায় হানা দেয়। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা কর্মচারীদের জিম্মি করে তামার তারগুলো লুট করে। পাশাপাশি ব্যবসায়ের নগদ ৮৫ হাজার টাকা এবং কর্মচারীদের ব্যবহৃত চারটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই ভুক্তভোগী মোবাইল ফোনে থানায় বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। পরবর্তীতে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের সি ব্লকের ৫ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের একটি ফাঁকা প্লট থেকে লুট হওয়া তামার তারগুলো উদ্ধার করে পুলিশ।
এডিসি জুয়েল রানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।