শাফায়েত হোসেন, নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির (৩৫) নামের এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গ্যারেজটিতে থাকা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক অলি পলাতক রয়েছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মনির দীর্ঘ ৪-৫ বছর ধরে ওই গ্যারেজে রিকশা ও অটোরিকশা চালিয়ে তাঁর সংসার চালাতেন। আনুমানিক দুপুর ২টায় গ্যারেজের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে দুর্ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যারেজ মালিক অলি নিহতের পরিবারের খোঁজ নেননি বা কোনো সমবেদনা জানাননি।
নিহতের স্ত্রী তাসলিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি নিজে প্রতিবন্ধী, আমাদের ৬-৭ বছরের সন্তানটিও প্রতিবন্ধী। আমার স্বামীই ছিলেন সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম। এখন আমাদের দেখাশোনা কে করবে? আমি এই অন্যায় ও অবহেলার সঠিক তদন্ত ও বিচার চাই।"
ঘটনার পর চাঁদ উদ্যান এলাকায় অলি’র গ্যারেজে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, অভিযুক্ত অলি রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকাটিতে গ্যারেজ পরিচালনা করতেন। গ্যারেজের বিদ্যুৎ সংযোগের বৈধতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
দুর্ঘটনার পেছনে বিদ্যুৎ সংযোগের অনিয়ম ও মালিকের চরম অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।