Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


​বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের ভিডিও চিত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া পার্বত্য চট্টগ্রা‌মের সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

​রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের ওপর হামলার ভিডিও চিত্র আমরা খতিয়ে দেখেছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

​এদিকে একই সংবাদ সম্মেলনে পাহাড়ি অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি উঠে আসে। সাজেকের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, সাজেক এখন পুরোপুরি শান্ত ও স্বাভাবিক। প্রতি বছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে সেখানকার আঞ্চলিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণেই মূলত কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়।

​তিনি উল্লেখ করেন, পার্বত্য এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউপিডিএফের পাশাপাশি এসব সংগঠনের একাধিক বিভক্ত অংশ সক্রিয় রয়েছে। পর্যটন মৌসুমে পাহাড়ি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

​তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি পাহাড়ের স্থায়িত্ব ও শান্তি বজায় রাখতে স্থানীয় হেডম্যান, কারবারি, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংসদ সদস্য ওদুদ ভূঁইয়ার মাধ্যমে রাজনৈতিক পর্যায়ে আলোচনা ও শান্তিপ্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।”

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF