Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : শ্যামলীতে অটোরিকশা থেকে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ টান দিয়ে ছিনতাই, আইফোনসহ নগদ টাকা লুট

শ্যামলীতে অটোরিকশা থেকে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ টান দিয়ে ছিনতাই, আইফোনসহ নগদ টাকা লুট


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর শ্যামলীতে চলন্ত অটোরিকশা থেকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শিশুমেলার বিপরীত পাশে খিলজি রোডের মোড়সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী নারীর নাম কাকলি আক্তার নুপুর। তিনি দৈনিক ‘আমাদের সময়’-এর জ্যেষ্ঠ ক্রাইম রিপোর্টার শাহজাহান আকন্দ শুভর স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​এজাহারে জানা যায়, পারিবারিক প্রয়োজনে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে সকালে আজিমপুরের নিউ পল্টন এলাকার বাসা থেকে স্ত্রীকে নিয়ে অটোরিকশায় কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন সাংবাদিক শাহজাহান আকন্দ। অটোরিকশাটি শ্যামলীর খিলজি রোডের মোড়সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী কাকলি আক্তার নুপুরের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটিতে হ্যাঁচকা টান দেয়। মুহূর্তের মধ্যেই ব্যাগটি নিয়ে তারা শ্যামলী স্কয়ারের আগের একটি গলি দিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের টানে ভুক্তভোগী নারী হাতের একটি আঙুলে আঘাত পান।

​ছিনতাই হওয়া ব্যাগটিতে একটি আইফোন, একটি ভিভো হ্যান্ডসেট, নগদ ৩৫ হাজার টাকা, ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি ডেবিট কার্ড, একটি ঘড়িসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র ছিল বলে জানা গেছে। ঘটনার পর কুষ্টিয়া যাওয়ার যাত্রা বাতিল করে আইনি সহায়তার জন্য ভুক্তভোগীরা মোহাম্মদপুর থানায় যান।

​ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন ভুক্তভোগীরা। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইয়ে ব্যবহৃত সন্দেহভাজন মোটরসাইকেলটি প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে।

​এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF