Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও একাডেমিক ফেস্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও একাডেমিক ফেস্ট অনুষ্ঠিত


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় পৌর এলাকার শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং তাদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​প্রধান আলোচক জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

​বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ নবীনদের ইতিবাচক নেতৃত্ব ও সৃজনশীলতার চর্চা করার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

​ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF