গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সতত্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল দেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি মিছিল বের করা হয়। পুলিশ মিছিলে বাধা দিলে অংশগ্রহণকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে আক্রমণকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় এবং পুলিশ সদস্যদের ধাওয়া করে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়।
আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মো. আমিনুল ইসলাম আরও জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।