নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি চাকরিজীবীদের কাছে নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের 'স্টাফ' পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে পুলিশ সুপার বলেন, অভিযুক্ত আবু হুরায়রা একাধিক ভুয়া নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতেন। তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
তবে রংপুরে কর্মরত থাকাকালেই এক প্রতারণা মামলায় জড়াল তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। পুলিশ সুপার আরও উল্লেখ করেন, আবু হুরায়রার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।