Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল সব

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল সব

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বাড়তি সুবিধা শেষ হওয়ায় রাজধানীসহ সারা দেশে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের স্বাভাবিক নিয়মে ফিরছে শপিং মল, মার্কেট ও দোকানপাট। বিদ্যুৎ সাশ্রয়ের নতুন এ নির্দেশনার ফলে আজ থেকে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে। এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

​বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজায় কেনাকাটার সুবিধার্থে গত ৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সেই নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের ঘোষিত নির্দেশনাই বহাল থাকছে।

​বিশ্বব্যাপী জ্বালানিসংকট ও অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর সরকার একাধিকবার মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনে। চলতি বছরের এপ্রিলে প্রথমে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তা রাত ৭টা পর্যন্ত বাড়ানো হয়।

​পরবর্তীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মে মাস থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত অনুমতি দেওয়া হয় এবং জুন মাসে তা কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সময়সীমা আরও এক ঘণ্টা কমিয়ে বেলা ১১টা থেকে রাত ৮টা নির্ধারণ করেছিল বিদ্যুৎ বিভাগ। দুর্গাপূজার সাময়িক বিরতি শেষে আজ থেকে সেই রাত ৮টার নিয়মেই কেনাকাটা পরিচালনা করতে হবে ব্যবসায়ী ও ক্রেতাদের।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF