Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও শেষ রক্ষা হলো না: মারা গেলেন রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও শেষ রক্ষা হলো না: মারা গেলেন রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা


​রাজশাহী ব্যুরো:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে অবশেষে হেরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। ঢাকায় এনে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যান তিনি।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে বাগমারায় এক সহপাঠীর বাসায় দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার বন্ধুরা। পথিমধ্যে দুর্গাপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের অটোরিকশাটিকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাত পান চেসি।

​ঘটনার পরপরই তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থা আরও সংকটজনক হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি তৎপরতায় মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালের মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​রাবি শিক্ষার্থী চেসি ট্রিপুরাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সহপাঠী ও শিক্ষকবৃন্দ তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF