নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের সিকদারের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন ভাই হলেন— মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) এবং মো. অমিত হাসান (২৮)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থানীয়ভাবে পরিচিত ‘ফোর স্টার গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পক্ষে কাজ করতেন। তিনি এলাকার চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণের মূল দায়িত্বে ছিলেন। এছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও বিভিন্ন অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীনে রয়েছে এবং মিরপুর এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।