Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : সাজেকে পর্যটকদের গাড়িবহরে সন্ত্রাসীদের গুলি, নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে রক্ষা পেলেন ২০০০ পর্যটক

সাজেকে পর্যটকদের গাড়িবহরে সন্ত্রাসীদের গুলি, নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে রক্ষা পেলেন ২০০০ পর্যটক


​খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের গাড়িবহর লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এর মাধ্যমে প্রায় দুই হাজার পর্যটককে অক্ষত ও নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ পাহারায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয় বহরটি। বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজো বাজার এলাকায় পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

​এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পর্যটকদের সুরক্ষায় এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও অতর্কিতে গুলি চালায়। এতে বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হন। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় গোলাগুলি চলে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

​রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেক থেকে ফেরার পথে উজো বাজার এলাকায় প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছিলেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি শুরু হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী সফলভাবে পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

​ঘটনার পেছনের পটভূমি:

এর আগে বুধবার (২১ অক্টোবর) সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ (প্রসীত সমর্থিত) ‘সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। তারা পর্যটকদের বৃহস্পতিবারের মধ্যে সাজেক ছেড়ে যাওয়ার আহ্বান জানায়।

​অবরোধ ঘোষণার পর সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সব পর্যটককে নিরাপদে সাজেক ত্যাগের নির্দেশ দেন। জেলা প্রশাসনের এই নির্দেশনার আলোকেই বৃহস্পতিবার সকালে পর্যটকেরা সাজেক ত্যাগ করছিলেন, কিন্তু পথিমধ্যেই বাঘাইছড়ির উজো বাজারে তারা অবরোধকারী সন্ত্রাসীদের আক্রমণের মুখে পড়েন।

​উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১৫ অক্টোবর থেকেও সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছিল সংগঠন দুটি। তবে জেএসএস-এর প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ইউপিডিএফ সাধারণ মানুষের ওপর তাদের নিজেদের নিপীড়ন ও হয়রানির ঘটনা আড়াল করতেই তাদের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF