Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ


​নিজস্ব প্রতিবেদক | তজুমদ্দিন (ভোলা)

​জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মন্তব্য করেছেন, সমাজ ব্যবস্থার অবক্ষয়ের কারণে বর্তমানে ভালো ও সৎ মানুষের রাজনীতি করার পরিবেশ নেই। ফলে সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে বসছেন এবং নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হচ্ছেন।

​বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

​বক্তব্যে দেশের বর্তমান রাজনীতি ও সমাজ ব্যবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে স্পিকার বলেন, “সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গিয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে দোষ দিই না। সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে, ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নাই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি নাই। তবে যাই হোক, দেশ চিরদিন এরকম থাকবে না।”

​তিনি ভবিষ্যতে একটি পরিবর্তন ও সুন্দর সমাজের আশা প্রকাশ করে আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি, আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন। আমরা দেশে একটা সুন্দর সমাজ গঠন করতে পারব।”

​তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF